Sunday, May 31, 2015

যাত্রী নিরাপত্তা কোথায় ? 
বজবজ লোকালে মহিলা কামরায় দুষ্কৃতী তাণ্ডব

কালের_প্রবাহ@বজবজ

চলন্ত ট্রেনের মহিলা কামরায় দুষ্কৃতী তাণ্ডব। মারধরের পর গয়না, টাকা ও মোবাইল লুঠের অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত সহযাত্রী।
একদিকে যাত্রী-দরবারে রেল কর্তারা। অন্যদিকে, রাতের লোকাল ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের শিকার মহিলা যাত্রীরা! লুঠপাট, মারধর। শুরুতেই হোঁচট খেল রেলমন্ত্রকের নিরাপত্তা পক্ষ পালনের উদ্যোগ।
বজবজ স্টেশন।
শনিবার রাত নটা পনেরো। শিয়ালদা থেকে দুই দুষ্কৃতী ডাউন বজবজ লোকালের মহিলা কামরায় ওঠে। ট্রেন ছাড়তেই স্বমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। মহিলা যাত্রীদের টাকা-গহনা-মোবাইল ছিনতাই করার চেষ্টা করে তারা। লুঠপাটে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এক সহযাত্রী। কিন্তু তাঁর পরিণতি হয়েছে আরও ভয়ঙ্কর। মহিলা যাত্রীদের ওপর চড়াও হয় তারা। চলে চড়-থাপ্পর-কিল-ঘুঁষি। সঙ্গে অকথ্য গালিগালাজ। এরপর যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে দুষ্কৃতীরা। পার্ক সার্কাসের ঢোকার মুখে ট্রেনের গতি কমলে উল্টো দিক দিয়ে নেমে চম্পট দেয় দুই দুষ্কৃতী। বজবজ লোকালের মহিলা যাত্রীদের অভিযোগ, চেন টানলেও ট্রেন থামেনি।
শিয়ালদা জিআরপি জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে। কখনও উত্তরবঙ্গ...কখনও দক্ষিণবঙ্গ। সাম্প্রতিককালে বারবার চলন্ত ট্রেনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে। এবার খাস কলকাতা। রেলের নিরাপত্তাপক্ষ চলাকালীনই প্রশ্নের মুখে যাত্রীসুরক্ষা।

No comments:

Post a Comment