Wednesday, May 27, 2015

এবার থেকে বম্বেবাসী ব্যারেটো

বেঙ্গল টাইমস - এই শহর জানে আমার প্রথম সবকিছু। যে শহরের সঙ্গে প্রায় ষোল বছরের সম্পর্ক, সেই শহর সম্পর্কে এমন গান গাইতেই পারেন হোস র‍্যামিরেজ ব্যারেটো। সেই সম্পর্ক এবার ছিন্ন হতে চলেছে। কলকাতা ছেড়ে এবার মুম্বইয়ের বাসিন্দা হতে চলেছেন এই ব্রাজিলীয় ফুটবলার।
খেলা ছাড়ার পর ভেবেছিলেন, মন দিয়ে কোচিং করবেন। গত বছর যোগ দিয়েছিলেন অ্যাটলেটিকো দি কলকাতায়। বেশ মোহভঙ্গই হয়েছে এই ব্রাজিলীয় ফুটবলারের। ঘনিষ্ঠ মহলে বলেছেন, তাঁকে নেওয়া হয়েছে সহকারি কোচ হিসেবে। অথচ, ফুটবলার নিয়োগ থেকে শুরু করে, টেকনিক্যাল কোনও ব্যাপারেই তাঁর পরামর্শও নেওয়া হয়নি। এমনকি টিম হোটেলে তাঁর জায়গাও হয়নি। প্রকাশ্যে ক্ষোভ না জানালেও বেশ অভিমানী হয়ে পড়েছিলেন এই ব্রাজিলীয় ফুটবলার। কিন্তু কখনও দলকে অস্বস্তিতে ফেলতে চাননি ‘টিমম্যান’ ব্যারেটো। এবার তাঁকে দলের সঙ্গে রাখা হবে না, এমন সিদ্ধান্তও আগেই নিয়ে ফেলেছেন অ্যাটলেটিকোর কর্তারা। লোকমুখে সেসব কথা শুনেছেন, কষ্ট পেয়েছেন ‘সবুজ তোতা।’
তাই মুম্বই থেকে প্রস্তাবটা আসার পর সেখানেই যাওয়ার ব্যাপারে মনস্থির করেছেন। পরিবার নিয়ে চলেও গেছেন। রিলায়েন্সের আকাদেমির দায়িত্ব নিচ্ছেন। তারকা নয়, আপাতত বাচ্চাদের নিয়েই কাজ করতে চান। তরুণ ফুটবলারদের পাশাপাশি তিনি নিজেও কোচ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান। আপাতত ব্যারেটোর ঠিকানা মুম্বই।
সেই ২০০০ সালে এসেছিলেন মোহনবাগানে। দু‘বার লিগ জয়ে পেছনে তাঁর অবদান অনেকটাই। ২০০৩ নাগাদ, তখনকার কর্তাদের ওপর বীতশ্রদ্ধ হয়ে ফিরে যান ব্রাজিলে। ফিরে আসেন বছর দুই পর, সেবারও অবশ্য এসেছিলেন মুম্বইয়ে, সই করেছিলেন মাহিন্দ্রায়। মাহিন্দ্রাকে জাতীয় লিগ, ফেড কাপ দুটোই এনে দিয়েছিলেন। পরের মরশুমে আবার কলকাতায় প্রত্যাবর্তন। তারপর থেকে কলকাতার সুখ দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছেন।
খেলা ছাড়ার পর অনেকে দেশে ফিরে গেলেও তিনি থেকে গেছেন। হয়ত বাকি জীবনটাও থেকে যাবেন। তবে প্রিয় কলকাতা ছেড়ে ঠিকানা আপাতত মুম্বই। আবার ফিরে আসবেন ? হতেই পারে। এই শহরের আবেগ যে তাঁকেও ছুঁয়ে যায়। তাই আবার হয়ত ফিরে আসবেন, অন্য কোনও ভূমিকায়। কে বলতে পারে, কয়েক বছর পর মোহনবাগানের কোচের নাম ব্যারেটো হবে না!

No comments:

Post a Comment