Friday, May 29, 2015

হাসিনা - ইয়েচুরি বৈঠকে উঠল জ্যোতি বসুর কথা

@অবিন মিত্র
মোদি-মমতার বাংলাদেশ সফরের আগে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ১৯৯৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উদ্যোগে ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আর এবার মোদি-মমতার বাংলাদেশ সফরে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে হাসিনা-ইয়েচুরি বৈঠকে উঠে এল প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ।

সিপিএমের তরফে জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা জ্যোতি বসুর প্রসঙ্গ তোলেন। বলেন, গঙ্গার জলবণ্টন চুক্তি স্বাক্ষরে প্রয়াত মুখ্যমন্ত্রী বিশেষভাবে সাহায্য করেছিলেন তাঁকে। এছাড়াও মুক্তিযুদ্ধের সময় জ্যোতি বসুর ভূমিকারও প্রশংসা করেন হাসিনা। তাঁর পরিবারের সঙ্গে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমন্ত্রণে দু’দিনের ঢাকা সফরে গিয়ে শুক্রবার রাতেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সীতারাম ইয়েচুরি। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী মোদির আসন্ন ঢাকা সফরের মধ্যে দিয়ে দু’দেশের বিভিন্ন ইস্যুর সমাধান সূত্র বেরিয়ে আসবে। একই আশা প্রকাশ করেন হাসিনাও।

মোদির সঙ্গে মমতা বাংলাদেশে গেলেও যাচ্ছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। পশ্চিমবঙ্গের মতোই ত্রিপুরাতেও বাংলাদেশের সীমান্ত রয়েছে। ৬ ও ৭ জুন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক থাকায় যেতে পারছেন না মাসিক সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০১১ সালে মনমোহন সিংহ যখন বাংলাদেশ সফরে গিয়েছিলেন তখন শেষ মুহূর্তে তাঁর সঙ্গে যাওয়া বাতিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গিয়েছিলেন মানিক সরকার। আবার এবার মোদির সঙ্গে মমতা যাচ্ছেন, কিন্তু মানিক নেই। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টিও হাসিনা-ইয়েচুরি বৈঠকে ওঠে।

No comments:

Post a Comment